গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ডিবির ৭ সদস্যকে বরখাস্ত

# দৈনিক প্রবাহ ও ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর #
প্রবাহ রিপোর্ট ঃ নকল টাকা উদ্ধারের আড়ালে বিপুল পরিমাণ আসল টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ ও অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’-এ এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়। উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্যরা হলেন– ডিবি তেজগাঁও বিভাগের এসআই (নিরস্ত্র) মিশন বিশ্বাস, এসআই (নিরস্ত্র) এ এস এম সাইদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সুম্ময় শর্মা, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. পারভেজ এবং কনস্টেবল মো. সালমান রহমান। আদেশে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সংশ্লিষ্ট সদস্যরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত হয়ে নিয়মিত রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পিআইএমএস-এ তাদের তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা পোস্টে ‘নকল টাকা উদ্ধারের নাটক, পৌনে ৪ কোটি আসল টাকা খেয়ে ফেলল ডিবি পুলিশ!’ শিরোনামে একটি এক্সক্লুসিভ সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ধারাবাহিকতায় প্রাথমিক তদন্ত শেষে এই সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হলো। সূত্রটি আরও জানায়, তৎকালীন ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার তারেক সেকান্দারসহ বাকি অভিযুক্তদেরও বরখাস্ত করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এই ঘটনার পর ভুক্তভোগী ফখরুদ্দীন আহম্মেদ আদালতে তারেক সেকান্দারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ডিএমপি সূত্র জানিয়েছে, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নিয়মিত প্রশাসনিক তদারকির অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।



