জাতীয় সংবাদ

কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি, আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

প্রবাহ রিপোর্ট : রগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনারসহ সদস্যদেরকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী ১০ এপ্রিল নির্ধারিত জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নির্বাচন সাময়িকভাবে স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির প্যাডে স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১০ এপ্রিল বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অপ্রীতিকর, অরুচীপূর্ণ, শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হুমকি এসেছে। নির্বাচনের নির্ধারিত দিন ভয়ানকরূপে প্রতিরোধ করার হুমকিও প্রদর্শন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদেরকে ডাক বিভাগের জিইপি চিঠির মাধ্যমে এবং বাসভবনের ভেতরে দরজার নিচ দিয়ে প্রাণনাশের হুমকি সম্বলিত চিঠি প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে বরগুনা জেলা আইনজীবী সমিতির আসন্ন ১০ এপ্রিল নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠান করা আদৌ সম্ভব নয়।
আরও উল্লেখ করা হয়, সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী ১০ এপ্রিল আসন্ন নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা সমীচীন। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
এ ছাড়া, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের সদস্য আ. লতিফ ফরাজীর নাম উল্লেখ করে লেখা হয়েছে, নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর। নতুবা তোমাদের পরিণতি সাদা কাফন। চিঠির শেষে লেখা রয়েছে, সাধারণ সদস্যবৃন্দ বরগুনা জেলা আইনজীবী সমিতি।
বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজি বলেন, সকালে ডাকযোগে একটি সাদা কাফনের কাপড়সহ চিঠি দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকা পাঁচজনকে এমন চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা ছিল, আপনারা যদি এই ফ্যাসিস্ট নির্বাচন করেন, তাহলে আপনাদের পরিণতি হবে সাদা কাফন। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশকে অবগত করা হয়নি। আমাদের একজন নির্বাচন কমিশনার সিলেটে আছেন। তিনি আসলে একত্রে বসে সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি পুলিশকে অবহিত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button