খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৮ হাজার টাকা জরিমানা

# অভিযান চলমান রাখার আশ্বাস সংশ্লিষ্টদের #
স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক ৩০ মার্চ (সোমবার) ভোক্তা অধিকারের ৭ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সকাল সন্ধ্যা রেস্টুরেন্টকে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শাখিলা উপজেলার দেওয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সুপার মিল্ক আইসক্রিম কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার দৌলতদিয়াড় ও ভালাইপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রায়হান অটোমোবাইল কে পরিমাপক যন্ত্রে কারচুপি ও পরিমাপে কারচুপি করার অপরাধে ৬০ হাজার টাকা এবং মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স কুন্ডু ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স রায় ফার্মেসি কে ৫ শত টাকা, সুলতান এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রত্যয় দধি ভান্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর লবনচরা ও আড়ংঘাটা থানার বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে হাফিজ মেডিকেল স্টোর কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে ১১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকার আশ্বাস জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, আমার খুলনা বাজার সমূহে নিয়মিত তদারকি করছি, পাশাপাশি সরকারি নিয়মবর্হিভূত কোনো ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



