স্থানীয় সংবাদ

ফুলতলায় অবৈধ জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

# এনএসআই এর খুলনা জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে #

সাইফুল্লাহ তারেক : খুলনার ফুলতলা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) খুলনা জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এই দ- প্রদান করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় ‘একতা ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ আসাদুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন নিজ বাড়ির গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানতে পারেন যে, উক্ত ব্যবসায়ী মজুতকৃত ৩২০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার পেট্রোল মেহেরপুরের এক ব্যবসায়ী (সদর আলী)-র কাছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। খবর পেয়ে দুপুর দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এনএসআই-এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ রেজা। হাতে-নাতে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত আসাদুর রহমানকে ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button