স্থানীয় সংবাদ

খুলনায় কেএমপি বনাম রেঞ্জ পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ: ৮ রানের রোমাঞ্চকর জয় কেএমপির

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ খুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও খুলনা রেঞ্জ পুলিশের মধ্যকার প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় খুলনা জেলা স্টেডিয়াম-এ আয়োজিত এ ম্যাচে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করার বার্তা উঠে আসে। টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও মজবুত করে। খেলার শুরুতে টসে জিতে খুলনা রেঞ্জ পুলিশ দল কেএমপি দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারের খেলায় কেএমপি ক্রিকেট দল ১৯.৪ ওভারে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইলিয়াস ২১ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জয়ের লক্ষ্যে ১৬২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে খুলনা রেঞ্জ পুলিশ দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করতে সক্ষম হয়। ফলে ৮ রানের রোমাঞ্চকর ব্যবধানে জয় তুলে নেয় কেএমপি ক্রিকেট দল। বোলিংয়ে কেএমপি’র সুজন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য সার্জেন্ট সাজিদ হাসান ম্যাচসেরার সম্মান অর্জন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি ও খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এই প্রীতি ম্যাচ কেবল একটি ক্রীড়া আয়োজনই নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহাদ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button