স্থানীয় সংবাদ

জোনাব বাহিনীর কবল থেকে এক জেলে উদ্ধার

# সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান #

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী’র হাতে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামে এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিবাগত রাত ২টায় সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের গহীনে খড়কুড়িয়া খাল এলাকায় ডাকাত জোনাব বাহিনী অবস্থান করছে। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল রাত ২টার দিকে ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি জেলেকে ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও অপহৃত মজিবর গাজীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলে মজিবর গাজীকে প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button