কয়রায় এক ইউপি সদস্য বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার ২নং বাগালি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে উক্ত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম জানান, সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকারি ইট বিক্রি’ সংক্রান্ত একটি ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করে আমার দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদা ও জনপ্রতিনিধি হিসেবে জনপ্রিয়তায় আঘাত হেনেছে। তিনি দাবি করেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘তথ্য সেল কয়রা সাংবাদিক ফোরাম’ নামক একটি ফেসবুক গ্রুপ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অবৈধ অর্থ আদায় ও বিভিন্নভাবে হয়রানী করে আসছে।



