স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যায় ব্যবহৃত অস্ত্র ও টাকাসহ মোবাইল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুটের পাট গুদামের পাশে সংঘঠিত ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই ও সাগর হত্যাকান্ডের চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীগ্রুপের পলাতক সদস্য এবং রাজিব সরদার হত্যাকন্ডের আসামীদের গ্রেফতার, ছিনতাই হওয়া নগদ টাকা ও মোবাইলসহ হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
এদিকে এই হত্যাকান্ডের নেপথ্যের নায়ক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকেরা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অপতৎপরতা চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দেয়াড়া খেয়াঘাটের দোকান ও বিকাশ ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত ২৬
মার্চ দিবাগত রাত ১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি একটা ব্যাগে করে নগদ টাকা ও মোবাইল নিয়ে দেয়াড়া স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুটের পাট গুদামের পাশে এলে রাত আনুমানিক সোয়া ১ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তার পথ রোধ করে। তাকে ঝাপটে ধরে এবং একজন তার নিকট থেকে টাকা ও মোবাইলের ব্যাগ কেড়ে নিতে চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে জনৈক সশস্ত্র সন্ত্রাসী তাহিদুল ইসলামকে গুলি করতে বলে। একজন তাকে গুলি করলে গুলি কক্ষভ্রষ্ট হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের এক সদস্য সাগরের গায়ে গুলি লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আগন্তুক সশস্ত্র অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাহিদুল ইসলাম ডাক চিৎকার দেয়। লোকজন ছুটে এসে সাগর ও তাহিদুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা সাগরকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে ছিনতাইয়ের কবলে পতিত তাহিদুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২ তাং ২৭/০৩/২০২৬ ইং। ঘটনার এক সপ্তাহ পার হলেও ঘটনার সাথে জড়িত দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। এমনকি তাদের ছিনতাই করা নগদ টাকা ও মোবাইল উদ্ধার এবং এই চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি দিঘলিয়া থানা পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এদিকে এই ঘটনা ধামাচাপা দিতে পর্দার আড়ালে থাকা রাজনৈতিক পৃষ্ঠপোষকেরা দোড়ঝাপ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে মামলা দায়ের হওয়ার পর দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে পুলিশটিম আসামীদের গ্রেফতার, ছিনতাই হওয়া নগদ টাকা ও মোবাইলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জোর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে পুলিশের সূত্র থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button