স্থানীয় সংবাদ

টাওয়ার থেকে পড়ে পাইলিং শ্রমিকের মৃত্যু

খুমেক প্রতিনিধি ঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় নির্মাণাধীন কলেজ ভবনের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে আলামিন (৩৭) নামে এক পাইলিং শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলামিন যশোর জেলার নাভারন এলাকার আব্দুল মাজেদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নির্মাণ কাজ চলাকালে গতকাল তিনি প্রায় ১৫ থেকে ২০ ফুট উঁচু একটি টাওয়ারের ওপর কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘিরে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা, বিশেষ করে শ্রমিকের সেফটি সরঞ্জাম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button