জাতীয় সংবাদ

সংরক্ষিত নারী আসন : বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। এছাড়া ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে আরও ৫০ হাজার টাকা। উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগের শাসনামলে যেসব নারী নেত্রী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবেÑএটাই সবার প্রত্যাশা। এ সময় রিজভী মনোনয়নপ্রত্যাশী সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বেশ কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে বলে জানান রিজভী। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ সাম্প্রতিক জুলাই আন্দোলনে প্রার্থীর ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা। এদিকে সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ১২ এপ্রিল ফরম জমা নেওয়ার কাজ শেষ হওয়ার পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপির সংসদীয় বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button