স্থানীয় সংবাদ

অভিনব কৌশলে ডাকাত ধরলো পুলিশ

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশে পরিচালিত এই ঝুঁকিপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান, যার সাহসিকতা ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাওছার শেখ ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে পৌরসভা ও ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অবস্থান নেয় পুলিশ। অভিযানের অংশ হিসেবে এএসআই আতাউর রহমান খালি গায়ে গামছা পরে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন, যাতে সন্দেহ এড়ানো যায়। পরে সুযোগ বুঝে কৌশলে কাওছারকে আটক করা হয়। গ্রেফতারের পর শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই গণমাধ্যমের কাছে অভিযানের বিস্তারিত তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। গ্রেফতারকৃত কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা এবং দাউদ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও অপরাধমূলক কর্মকা-ের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে এএসআই আতাউর রহমান বলেন, ওসি মিজানুর রহমানের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করি। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ধরতে বিশেষ কৌশল নেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। স্থানীয়দের মতে, পুলিশের এমন বুদ্ধিদীপ্ত ও সাহসী অভিযান অপরাধ দমনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button