খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামে নতুন ১০২ সন্দেহজনক রোগী : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে মোট ১০২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে খুলনা জেলায় ১ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (১২ এপ্রিলে) হামের প্রতিবেদনে গত ২৪ ঘন্টায় জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ২৩ জন, যশোরে ১৮ জন এবং ঝিনাইদহে ১২ জন। এছাড়া মাগুরায় ১০ জন, মেহেরপুরে ১৩ জন, খুলনায় ৭ জন. বাগেরহাটে ৫ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, নড়াইলে ৪ জন এবং সাতক্ষীরায় ৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরে গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ১৯৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের সংখ্যা ছিলো ৫১ জন। এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয় ১০ জনের এবং ৬১৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের (স্বাস্থ্য) পরিচালক ডা: মো: মুজিবুর রহমান বলেন, সময়মতো টিকাদান এবং অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে হামের পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।


