প্রাথমিক বৃত্তির অর্থ বাড়ানোর চিন্তা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ প্রাথমিক বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সরকারের লক্ষ্য বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে নির্বিঘেœ পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করা। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান। তিনি নিজে দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট ইতিবাচক। তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং কতসংখ্যক শিক্ষার্থী এ সুবিধা পাবে তা নতুন করে পর্যালোচনা করা হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদ- নির্ধারণের বিষয়টিও ভাবা হচ্ছে। শিক্ষার হার বৃদ্ধির বিষয়ে ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।



