স্থানীয় সংবাদ

মামলার আসামিকে গ্রেফতার করেছে পিবিআই খুলনা

# চা দোকানী হত্যা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলার রূপসায় মাংস বিক্রয়ের পাওনা ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চায়ের দোকানদার দ্বীন মোহাম্মদ ঢালীকে হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পিবিআই খুলনা।
পিবিআই সূত্র জানায়, পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সোহানুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল দীর্ঘদিন অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত দ্বীন মোহাম্মদ ঢালী রূপসা থানাধীন ভবানীপুর এলাকার মৃত কাশেম ঢালীর পুত্র বাসিন্দা এবং পেশায় চা-পান বিক্রেতা। গ্রেফতারকৃত আসামি আবুল খায়ের লস্কর একই থানার আনন্দনগর এলাকার মৃত সেকেন্দার লস্করের পুত্র। তিনি পেশায় গরু ব্যবসায়ী ও কসাই। পিবিআই জানায়, ঘটনার সময় দ্বীন মোহাম্মদ তার দোকানে চা-পান বিক্রি করছিলেন। এসময় আবুল খায়ের লস্কর দোকানে এসে মাংস বিক্রয়ের পাওনা ৪০০ টাকা দাবি করে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল খায়ের দ্বীন মোহাম্মদকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে দোকান থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। পরে দ্বীন মোহাম্মদ দোকান থেকে বের হয়ে রাস্তায় আসলে আবুল খায়ের রাস্তার পাশে থাকা একটি ইট তুলে তার মাথায় সজোরে আঘাত করে গুরুতর জখম করে। এতে দ্বীন মোহাম্মদ রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে আবুল খায়ের লস্করকে এজাহারনামীয় আসামি করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পিবিআই খুলনা জেলা ইউনিট আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে। আসামি অত্যন্ত কৌশলী হওয়ায় কোনো মোবাইল ফোন ব্যবহার করত না এবং পরিবারসহ এলাকার কারও সঙ্গে যোগাযোগ রাখত না। এরপরও পিবিআইয়ের দীর্ঘ ৩০ দিনের নজরদারি ও অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। পিবিআই জানায়, যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে আবুল খায়ের লস্করকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ঘটনার পর থেকে সে আত্মগোপনে থেকে নড়াইল জেলার একটি ইটভাটায় কাজ করছিল। পরে যশোরের উপশহরে তার বড় ভাই আবুল বাশার লস্করের শ্যালিকা সেলিনা পারভীনের বাসায় আত্মগোপন করে। পিবিআই আরও জানায়, গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে হত্যাকা-ের কথা স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button