স্থানীয় সংবাদ

সুন্দরবনে ড্রোন অভিযানে বিষ দিয়ে মাছ ধরা পন্ড : নৌকাসহ বিষ জব্দ

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কেওড়ার মাঠ সংলগ্ন খালে ড্রোনের সহায়তায় স্পিড বোট নিয়ে দ্রুত অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ আহরণ পন্ড করে দিয়েছে বনরক্ষীরা। বুধবার সন্ধ্যায় আকস্মিক এ অভিযানকালে স্পিড বোটের শব্দে জেলেরা বনের গহীনে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত ১টি নৌকা জব্দ করা হয়। নৌকাটি তল্লাশি করে কীটনাশক, ২ বক্স বরফ, বিষ দিয়ে ধরা ১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, চাঁদপাই রেঞ্জের স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা বুধবার সন্ধ্যায় সুন্দরবন সুরক্ষায় আরো গতি আনতে স্পিড বোটের পাশাপাশি প্রথমবার ‘ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করে। অভিযানকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কেওড়ার মাঠ সংলগ্ন খালে অবৈধ নৌকার অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত সেখানে অভিযান চালায়। এ সময়ে স্পিড বোটের শব্দে জেলেরা বনের গহীনে পালিয়ে গেলেও মাছ শিকারের কাজে ব্যবহৃত ১টি নৌকা, কীটনাশক, ২ বক্স বরফ, বিষ দিয়ে ধরা ১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত নৌকাসহ সরঞ্জাম করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর ও বিষ দিয়ে শিকার করা চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় জিরো টলারেন্স নীতি করে এখন থেকে আধুনিক ড্রোন ও স্পিড বোটের সহায়তায় এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button