ফের হরমুজ প্রণালি ‘বন্ধের’ ঘোষণা ইরানের : বাণিজ্যিক জাহাজে গুলি

দ্বিতীয় দফার বৈঠক সোমবার
প্রবাহ ডেস্ক : ইরান আবারও হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি “পূর্বের অবস্থায়” ফিরে গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরনা উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আইআরজিসি অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকা- চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি এখন সশস্ত্র বাহিনীর “কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে” রয়েছে এবং কৌশলগত এই জলপথে চলাচল আগের মতো সীমাবদ্ধ করা হয়েছে।
আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রণালির ওপর এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক সোমবার : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাব্য দিনটি নির্ধারণ করা হয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২০ এপ্রিল) এ বৈঠক সম্ভাবনা রয়েছে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ আলোচনা নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়াই শেষে হয়েছে। তার আগে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। পরে ইসরায়েলও যুদ্ধবিরতি সমর্থন করে।
এদিকে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট চুক্তি না আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য পুনরায় সামরিক আগ্রাসনের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
এয়ার ফোর ওয়ানে থাকাকালীন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল—আলোচনা ব্যর্থ হলে তিনি কি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবেন নাকি পুনরায় হামলা শুরু করবেন? জবাবে তিনি বলেন, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না।’
প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয়তো আমি মেয়াদ বাড়াব না, সেক্ষেত্রে অবরোধ জারি থাকবে। দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হবে।’
দ্বিতীয় দফার আলোচনা সম্পর্কে অবগত ইরানি সূত্রের বরাতে সিএনএন জানায়, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত সোমবার তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের সময়সূচি সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
অবশ্য এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিনের শুরুর দিকে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, উভয়পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি ঃ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৮ এপ্রিল) সমুদ্র নিরাপত্তা ও শিপিং-সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকার লক্ষ্য করে আইআরজিসির দুটি গানবোট থেকে গুলি চালানো হয়। তবে হামলায় ট্যাংকার ও এর ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। হামলার ফলে জাহাজের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা এর প্রভাব কতটুকু, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, গতকালই ইরান হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আজ শনিবার সকাল থেকে আবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইআরজিসি এবং নতুন করে কিছু শর্ত আরোপ করে।
সূত্র: আল-জাজিরা



