কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ অস্ত্র ও গোলাবারুদসহ আটক হয়েছে। ০
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয় বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে আটক করা হয়। সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন হতে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদাড়া বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সাথে দেখা করতে আসবে বলে জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল ২০২৬ সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, ২১ এপ্রিল ২০২৬ মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোঃ আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


