স্থানীয় সংবাদ

ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ খুলনায় প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের হুমকি ও হামলার ভয়ে স্বামীকে নিয়ে বাগেরহাটে পালিয়ে এসে পাষন্ড ভাইদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কানিজ ফাতেমা তুসি (২১)। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত কে সাথে নিয়ে লিখিত বক্তব্যে তুসি জানান, গত বছর ১৮ জুন পারিবারিক সম্মতি ছাড়া ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী শেখ নাজমুল হুদা রাহাতকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে তার আপন ভাই শেখ মাহামুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুনসহ আরও ১৫-২০ জন তাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তিনি অভিযোগ করেন, তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা এবং তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছে বিবাদীরা। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয়ও দেখানো হচ্ছে। এ অবস্থায় তারা পালিয়ে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাংগা এলাকায় তার নানা শ্বশুর সৈয়াদ সাহাদাৎ আলীর বাড়িতে আশ্রয় নেয়। তুসি আরো জানান, গত ২৬ এপ্রিল রাত ১২টার দিকে বিবাদীরা বহিরাগত লোকজন নিয়ে এখানে উপস্থিত হয়। এ সময় তারা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে প্রাণনাশসহ নানা হুমকি দিয়ে চলে যায়। সংবাদ সম্মেলনে তিনি ও তার স্বামী নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তুসি বলেন, আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের নিজেদের পছন্দে বিয়ে করার অধিকার রয়েছে। কিন্তু তারপরও আমাদের ওপর অব্যাহত হুমকি ও ভয়ভীতি চলছে।” এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button