স্থানীয় সংবাদ

খুলনায় আলোচনা সভা শিক্ষাখাতের বাজেট বৃদ্ধির পাশাপাশি সঠিক ব্যবহার নিশ্চিতের ওপর জোর

স্টাফ রিপোর্টার ঃ শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ (২০-২৫ এপ্রিল) উপলক্ষে খুলনায় ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, শিক্ষাখাতের বাজেট বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। গতকাল রবিবার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার দীপেন সাধক রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বক্তারা বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে নকশা প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, ভর্তি ফি’র নামে শিক্ষা বাণিজ্য বন্ধ, বাজেট বৈষম্য দূরীকরণ, অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর প্রবণতা রোধ এবং কোচিং ও বদলী বাণিজ্য বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় আরও জানানো হয়, দেশে এখনও প্রায় ১৪ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ের বাইরে রয়েছে। এসব শিক্ষার্থীকে শিক্ষার আওতায় আনার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। বক্তারা উল্লেখ করেন, শিক্ষা খাতে বেশ অগ্রগতি হলেও এখনও বহু চ্যালেঞ্জ বিদ্যমান। ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ২৫০ মিলিয়ন শিশু বিদ্যালয়ের বাইরে এবং প্রায় ৭৭০ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মৌলিক সাক্ষরতা থেকে বঞ্চিত, যাদের অধিকাংশই নারী। এছাড়া ২০১৫ সালের পর থেকে স্কুলবহির্ভূত শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রায় ২৭২ মিলিয়ন শিশু ও তরুণ-তরুণী শিক্ষার বাইরে রয়েছে, যার বড় অংশ সাব-সাহারান আফ্রিকায় বসবাস করে। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিক্ষাখাতে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষা সহায়তায় কাটছাঁট ও বেসরকারিকরণের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষাপটে বক্তারা এসডিজি-৪ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করা, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকারি অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষা খাতে টেকসই অর্থায়নের জন্য বৈশ্বিক আর্থিক সংস্কারের দাবি জানান। সভায় আশ্রয় ফাউন্ডেশনের বনশ্রী ভান্ডারীর সঞ্চালনায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তারুন্নেসা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, দলিত সংগঠনের অঞ্জলি মন্ডল, অভিভাবক লায়লা পারভীন এবং শিক্ষার্থী আজিজুল ইসলাম হৃদয়, রশনি ইসলাম ও মো. রাফেক হোসেনসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button