নগরীতে তাঁতী দল নেতা হত্যায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক সোনা মিয়া হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে মো. রনি ওরফে ন্যাটা রনিকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৬। গত সোমবার রাতে বাগেরহাট বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার র্যাবের মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রনির বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল রাতে সন্ত্রাসীরা তাঁতী দল নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নগরীর খালিশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সন্দেহভাজন আসামি ন্যাটা রনিকে বাগেরহাটে অবস্থান সনাক্ত করে। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর উপজেলা বাসস্টান্ডের ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নগরীর খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।



