সুুন্দরবনে বনদস্যুদের মুক্তিপন দিয়ে ১৩ দিন পর ছাড়া পেয়েছে ৬ জেলে

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে ১৩ দিন মুক্তিপনের দাবীতে অপহ্নত ৬ জেলে বনদস্যুদের দাবীকৃত মুক্তিপন দিয়ে অবশেষে শনিবার ভোররাতে বাড়ি ফিরেছেন। গত ২০ এপ্রিল পুর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা এই ৬ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার নাজমা বেগম জানান, তার স্বামী জেলে কালাম ফরাজীসহ ৬ জন জেলে বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ দিন পরে শনিবার ভোররাতে বাড়ি ফিরে এসেছেন। অপর জেলেরা হচ্ছেন, বাগেরহাটের শরণখোলা গ্রামের আনোয়ার বয়াতী, কবিরুল, পিরোজুরের মঠবাড়ীয়ার হরিণটানা গ্রামের মহসিন, আ. সালাম ও অপর এক জেলে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলা বাজারের দুই মৎস্য ব্যবসায়ী এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের ৬ জেলেকে আলোচিত বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনী গত ২০ এপ্রিল সুন্দরবনের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে। একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগের পর বনদস্যুদের সর্বশেষ দাবীকৃত দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে ৬ জেলেকে ছাড়িয়ে আনা হয়েছে। ফিরে আসা জেলেরা জানিয়েছে এখনও কয়েকজন মৌয়াল বনদস্যুদের হাতে আটক রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলেরা ফিরে আসার খবর তাদের কেউ জানায়নি। সুন্দরবনের বনদস্যুদের হাতে অপহরণের বিষয়ে থানায় কেহ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



