শ্রমিক দিবসের আলোচনায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমজীবী মানুষের দাবি আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিবস হিসেবে উল্লেখ করে বলেন, শ্রমঘন্টা নির্ধারণে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা এ আন্দোলনের সূচনা করেছিল এবং জীবনের বিনিময়ে সেই দাবি প্রতিষ্ঠা করেছিল। সেই থেকে সারা বিশে^র শ্রমজীবী মানুষ দিবসটি পালন করে আসছে। দিবসটি পালনের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্যতা আদায়ের সংগ্রাম আরো জোরদার হয় এবং শ্রমজীবী মানুষের ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক শুক্রবার সকালে নগরীর পাওয়ার হাউজ মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষ্যে অয়োজিত বর্ণাঢ্য র্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের এমপ্লয়ীজ ইউনিয়ন এ র্যালীর আয়োজন করে। কেসিসি প্রশাসক আরো বলেন, শ্রম ঘন্টা, চাকরির নিশ্চয়তা, নিরাপত্তা, ন্যায়সঙ্গত মজুরী, বাসস্থানের সমস্যা সামাধানে এখনো শ্রমিক সমাজের সংগ্রাম চলছে। তিনি শ্রমজীবী মানুষের বেঁচে থাকার সংগ্রাম আরো এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবেন বলে মন্তব্য করেন। কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো: আব্দুল হক, সেক্রেটারী মো: সাহেদ হোসেন লিটনসহ কেসিসি’র শ্রমিকবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালীটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে পাওয়ার হাউজ মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


