স্থানীয় সংবাদ

এক বছরে ৪০ বনদস্যু আটক, ৪৩টি আগ্নেয়াস্ত্র, ৩৭ জন জেলে উদ্ধার!

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে বনদস্যু দমনে চলছে যৌথ অভিযান!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনে বনদস্যু দমনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে রবিবার (৩ এপ্রিল) সুন্দরবনসহ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এবং ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’এর আওতায় এ অভিযান চালানো হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বনদস্যু দমনে সুন্দরবন ও আশপাশের নদী-খালে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বননির্ভর মানুষের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক নিরাপত্তায় রবিবারও সুন্দরবনসহ তৎসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে এবং টহল অব্যাহত রয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে বনদস্যুতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মনে করেন যৌথবাহিনি। অভিযানের ফলে গত এক বছরে বিভিন্ন বনদস্যু বাহিনীর ৪০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩ টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি বনদস্যুদের কবল থেকে ৩৭ জন জেলে, দুই পর্যটক এবং এক রিসোর্ট মালিককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button