পুর্ব-সুন্দরবনে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা, আটক ২

বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের পুর্ব সুন্দরবন সংলগ্ন সুন্দরী নামের ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টায় জড়িত থাকায় ২জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনার পর সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৬) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকায়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও লুটপাটের আগে সন্ত্রাসীরা রিসোর্টে জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত এই দুজনকে আটক করে কোস্টগার্ড বেইস মোংলা’র সদস্যরা।



