বাগেরহাটে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়া, চাঁদা দাবি, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন চিতলমারী উপজেলার কুরমনি গ্রামের বাসিন্দা লিটন বড়াল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রতুল কুমার বড়ালের একমাত্র ছেলে। বাবার রেখে যাওয়া ফসলি জমি চাষাবাদ করেই তার পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। চলতি মৌসুমে কুরমনি মৌজার ৫৬৩ দাগের ১৮৩ নম্বর খতিয়ানের জমিতে তিনি বোরো ধান চাষ করেন। গত ৬ মে চিতলমারী উপজেলা সাব রেজিস্টার অফিসের দলিল লেখক মোঃ মনিরুল ইসলাম খানের বড় ভাই লতিফ খান ৭/৮ জন লোক নিয়ে ওই জমির পাকা ধান জোর করে কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। লিটন বড়াল অভিযোগ করে বলেন, ধান কাটার সময় বাধা দিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জমির কাছে গেলে হত্যা করার হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, জমির সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। জমিটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি পক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। জমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিটন বড়াল আরও জানান, ২০২৪ সালের ৬ আগস্ট লতিফ খান তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাংচুর ও দোকানের মালামাল লুটপাট করা হয়, যাতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিটন বড়ালের বোন সুমা বড়াল, দুই ছেলে ভ্যালেনটাইন বড়াল ও নক্ষত্র বড়াল উপস্থিত ছিলেন।



