স্থানীয় সংবাদ

ফকিরহাটে ট্রাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার : গ্রেপ্তার ২

# মধ্যরাতে ফিল্মি কায়দায় ডাকাতি #

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েক লাখ টাকার মালামাল লুটের কয়েক ঘণ্টার মধ্যেই দুর্ধর্ষ অভিযান চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মালামাল ভর্তি ট্রাক এবং গ্রেপ্তার করা হয়েছে অপরাধচক্রের দুই সক্রিয় সদস্যকে। শুক্রবার ভোররাতে উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটায় এই সফল অভিযান পরিচালিত হয়। সূত্রমতে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিলামে কেনা প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পরিত্যক্ত অ্যালুমিনিয়াম নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার রাতে ট্রাকটি ফকিরহাটের সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল গতিরোধ করে। চালক ও মালিকপক্ষকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ডাকাতির খবর পাওয়ামাত্রই ফকিরহাট মডেল থানার একাধিক টিম অভিযানে নামে। অবশেষে ভোর সাড়ে ৪টার দিকে মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে মালামালসহ ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মো. জয়নাল আবেদিন (৩৮), গ্রাম: পাগলা উত্তরপাড়া। ২. মো. জুয়েল শিকদার (৩২), গ্রাম: নলধা। ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, ট্রাকটি রওনা দেওয়ার পর থেকেই বিপত্তি শুরু হয়। পথে কয়েক দফায় স্থানীয়দের বাঁধার মুখে পড়লেও মালামাল বৈধ থাকায় তারা ছাড় পায়। তবে রাত ১টার দিকে সুকদাড়া পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ট্রাকসহ সর্বস্ব মালামাল লুটে নেয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা খবর পাওয়ার সাথে সাথেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। জড়িত অন্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।” এই ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button