অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত : হেলপার আহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় মনোয়ার হোসেন (৩৩) নামে একজন ট্রাকচালক নিহত ও তার সহকারী (হেলাপার) গুরুতর আহত হয়েছেন। রবিবার (১০মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে (ঢাকা মেট্রো-ট ১৮- ৭৮৩৬) ট্রাক নিয়ে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে পৌঁছায়। রেললাইন পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক ছিটকে রেললাইনে আছড়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, ‘রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী মহানন্দা একপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে উল্টো যায়। ঘটনাস্থলে ট্রাকের চালক মারা যান এবং তার হেলপার আহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রেল চলাচল স্বাভাবিক রয়েছে।



