খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, ১১ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো নিশ্চিত হাম রোগী কিংবা মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের (স্বাস্থ্য) পরিচালক ডা: মো: মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৩ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৫০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৮৬৩ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৩ জন হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যু তথ্য পাওয়া যায়নি।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ জন নতুন সন্দেহজনক রোগী পাওয়া গেছে। এছাড়া যশোরে ১৩ জন, খুলনায় ১৩ জন, মাগুরায় ১২ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, ঝিনাইদহ ৬ জন, বাগেরহাটে ৮ জন এবং মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরায় ২ জন করে শনাক্ত হয়েছেন। এদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জনগণকে হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।



