মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক পূর্বাঞ্চল-এর মোল্লাহাট উপজেলা প্রতিনিধি তাজউদ্দিন আহম্মদ পিকিংয়ের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ৪ জন মুখোশধারী ডাকাত তাজউদ্দিন আহম্মদ পিকিংয়ের বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদের হাতে থাকা রামদা, ছুরি ও চাকু দেখিয়ে তাজউদ্দিন আহম্মদ ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। ডাকাতদল তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি নিয়ে ঘরের মালামাল তছনছ করে। পরে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন, ২ ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি এবং ৬ আনা ওজনের একটি স্বর্ণের আংটিসহ প্রায় ১৪ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক তাজউদ্দিন আহম্মদ পিকিং জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এবং পুরো পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। ডাকাতির একপর্যায়ে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের মেশিন চালু হলে ডাকাতরা বাড়ির পূর্ব পাশের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ভুক্তভোগী জানান। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অতি শীঘ্রই এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



