স্থানীয় সংবাদ

খুলনায় চাল কমিটিতে আ’লীগ নেতার নাম : ক্ষুব্ধ ডিসি

স্টাফ রিপোর্টার : খুলনায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কমিটি ঘিরে প্রশাসনিক অস্বস্তি এখন প্রকাশ্যে। জেলা চাল সংগ্রহ ও মনিটরিং কমিটিতে মহানগর আওয়ামী লীগের এক নেতার নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন জেলা প্রশাসক হুরে জান্নাত। শেষ পর্যন্ত অনুমোদনের জন্য পাঠানো ফাইলই ফেরত গেছে তাঁর টেবিল থেকে।
জেলা প্রশাসকের কার্যালয় ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। সেই কার্যক্রম পরিচালনায় জেলা পর্যায়ে একটি সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠনের কথা ছিল মে মাসের প্রথম সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করেই পুরোনো কমিটির আদলে একটি প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। সেখানে কৃষক প্রতিনিধি হিসেবে রাখা হয় খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবিরের নাম। বিষয়টি জেলা প্রশাসকের নজওে আসতেই আপত্তি ওঠে। কারণ, রাজনৈতিক পরিচয় থাকা কোনো ব্যক্তিকে কৃষক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, তাঁর সঙ্গে আলোচনা না করেই আগের কমিটির কাঠামো পাঠানো হয়েছিল। কৃষক প্রতিনিধি হিসেবে যাঁর নাম দেওয়া হয়েছে, তা নিয়ে আপত্তি থাকায় ফাইলটি ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেও প্রকিউরমেন্ট কমিটি গঠন করা হয়নি।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর হোসেনের মোবাইলে মঙ্গলবার (১২ মে) বিকেলে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি। তবে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, বিষয়টি তেমন কিছু না। পূর্বের কমিটি জেলা প্রশাসকের কাছে পাঠানোর নিয়ম বলেই জেলা খাদ্য নিয়ন্ত্রক সেটি পাঠিয়েছিলেন। এখন নতুন কমিটি গঠন হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button