স্থানীয় সংবাদ

পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণায় যশোরের সাংবাদিক সংগঠনসমূহের তীব্র ক্ষোভ

খবর বিজ্ঞপ্তি ঃ গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোরের পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে সম্মানহানীকর প্রচারণা চালানো হচ্ছে। ভুয়া আইডি খুলে অপপ্রচারে নামা দুর্বৃত্ত চক্রটি যশোরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব একজন প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে। দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতা কেবল পেশাদার সাংবাদিকদের বিব্রত ও ঝুঁকির মুখে ফেলছে তা নয়; জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যশোরের সাংবাদিক সংগঠনগুলো। তারা এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার ১১মে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভায় উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, সম্প্রতি যশোরের মিডিয়া কোরপশন নামে ফেসবুকে একটি ভুয়া পেজ খুলে অপপ্রচার চালাচ্ছে দুর্বৃত্ত চক্র। চক্রটি যশোরে প্রথম সারির পেশাদার সংবাদকর্মীদের নাম ও ছবি ব্যবহার করে কয়েকটি ভিডিও তৈরি করে। কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে তৈরি ভিডিওগুলো ওই পেজে উপস্থাপন করা হয়েছে। এর আগে বিভিন্ন নামে আরও কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা প্রচারণা চালানো হয়।
সভায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ ও পেশাদার সাংবাদিকদের সুরক্ষা এবং সাংবাদিকতার নামে দুর্বৃত্ত চক্রের অনৈতিক কর্মকা- নিয়ে বিস্তারিত আলোচনাকালে বলা হয়, চিহ্নিত ‘ব্ল্যাকমেইলার চক্র’ পেশাদার সাংবাদিদের চরিত্র হনন করতে উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিও তৈরি ও অপপ্রচারে নেমেছে। এসব চক্রের সাথে সাংবাদিক নামধারী টাউট-চাঁদাবাজ এমনকি পুলিশের কোনো সদস্যও জড়িত রয়েছে বলে নানাভাবে শোনা যাচ্ছে।
এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সভায় সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, ফেক আইডি খুলে পেশাদার সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো দুর্বৃত্তচক্রের সঙ্গে যে বা যারাই যুক্ত থাকুক না কেনো; তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইনি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে সেটা করা না হলে যশোরের সাংবাদিক সমাজ নৈতিকতা, সত্যনিষ্ঠা ও জনস্বার্থের ভিত্তিতে আত্মমর্যদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে যৌথ সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button