পশ্চিমবঙ্গে মুসলিম গণহত্যার প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুক্রবার

স্টাফ রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা, জুলুম-নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনায় একটি প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা ইমাম পরিষদ।
সংগঠনের প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের জন্য উদ্বেগজনক হওয়ায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী শুক্রবার, ১৫ মে জুমার নামাজের পর বিকাল ৩টায় ডাকবাংলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ।
সাম্প্রতিক ঘটনাবলি বিশ্বব্যাপী শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হবে। এতে আলেম-উলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ মুসল্লি, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়েছে।



