বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীদের অংশ গ্রহনে ফ্যাক্ট চেকিং বিষয়ে সেমিনার

বাগেরহাট প্রতিনিধি ঃ ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে বাগেরহাটে কর্মরত সংবাদ কর্মীদের অংশ গ্রহনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান এ এস এম কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনার সিনিয়ার তথ্য অফিসার মেহেদি হাসান। সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তথ্যের গেইট কিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই করার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে, সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে। সেমিনারটি সার্বিকভাবে সঞ্চালনা করেন খুলনার তথ্য কর্মকর্তা মোঃ রমজান আলী।


