গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ গাজী মেডিকেল কলেজ হাসপাতাল-এ অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য একটি ফ্রি সার্জিকাল অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল সার্জিকাল রোগে ভোগা ১০ জন অসচ্ছল রোগীর সম্পূর্ণ বিনা খরচে সফল অপারেশন সম্পন্ন করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন, ওষুধ এবং পরবর্তী চিকিৎসাসেবাও বিনামূল্যে প্রদান করা হয়। এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি বছর কয়েকটি ফ্রি অপারেশন ক্যাম্পের আয়োজন করে থাকে। এর মাধ্যমে শতাধিক অসচ্ছল রোগী উন্নত চিকিৎসাসেবা ও অপারেশনের সুযোগ পান। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা আরও সহজ হবে। ফ্রি অপারেশন ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক এ উদ্যোগকে এলাকাবাসীও সাধুবাদ জানিয়েছেন।


