ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তালা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন, হামলা, ঘরবাড়ি ও মসজিদে অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ, তালা’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি তালা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলোর সামনে সমাবেশে মো. অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান। সমাবেশে- ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিমদের উপর বর্বর হামলা, হত্যা, দখল, মসজিদ ও কবরস্থানের মতো পবিত্র স্থান ভাংচুরসহ সব ধরনের নির্যাতনের কঠোর প্রতিবাদ জানানো হয়। একইসাথে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।



