স্থানীয় সংবাদ

ফুফুর বাড়িতে গিয়ে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

বাগেরহাট শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মান (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আব্দুল্লাহকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্বজনরা।
বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাতে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে মামাতো-ফুফাতো দুই ভাই বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ চিৎকারের শব্দ শুনে পরিবারের সদস্যরা দোতলায় ছুটে যান। সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরে পরিবারের সদস্যরা খুনি আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ছুরিকাঘাতের ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button