যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি : যুবক আটক

যশোর ব্যুরো ঃ এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে কচুয়া মোল্লাপাড়ার সাইফুল মোল্লার ছেলে। সে ওই গ্রামের এক কিশোরীকে শ্লীলতাহানি করে । ১৪ মে বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ জানায় ,১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় তামিম হোসেন তাদের লিচুবাগানে আসে। এ সময় হাতে ভাজা নিয়ে প্রতিবেশী ওই কিশোরীর বাড়িতে যান। তখন কিশোরীর মা বারান্দায় কাঁথা সেলাই করছিলেন। এমন সময় মাকে ভাজা দিয়ে বাড়ির বাথরুমে যেতে চান তামিম। একপর্যায়ে তিনি বাথরুমে যান এবং ফিরে আসেন। কিছু সময় পর কিশোরীর মা গরু আনতে মাঠে যান। এই সুযোগে তামিম ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি কিশোরীকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তামিম পালিয়ে যান।
পরে বিকেলে তামিমকে পেয়ে কিশোরীর মা ও ভাই বিষয়টি জানতে চাইলে তামিমসহ একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ কিশোরীর মা ও ভাইকে মারপিট করে জখম করে এবং নানা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ অপর তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তামিমকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

