ওয়ারেন্ট ভুক্ত আসামী সাবেক ব্যাংক কর্মকর্তা বায়েজিদ মোল্লা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : প্রতারণা, ঋণ জালিয়াতি, চেক অপব্যবহার ও হয়রানির অভিযোগে দায়ের হওয়া সি/আর-৯৪৮/২৬ মামলার ১ নং আসামি বায়োজিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) নগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ওয়ারেন্টভুক্ত আসামী বায়েজিদ মোল্লাকে ফুলবাড়িগেট এলাকা থেকে দুপুরে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ব্যাংকের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে বিভিন্ন গ্রাহকের জমা রাখা নিরাপত্তা চেক অপব্যবহার, ঋণ সংক্রান্ত অনিয়ম এবং পরবর্তীতে ওইসব চেক ব্যবহার করে একাধিক মামলা দায়েরের মাধ্যমে ভুক্তভোগীদের হয়রানি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আদালত, প্রশাসন ও তদন্ত সংস্থার কাছে অভিযোগ জানিয়ে আসছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে বর্তমানে উভয় পক্ষের মধ্যে সমঝোতা সংক্রান্ত আলোচনা চলছে। আলোচনায় বিতর্কিত চেক ব্যবহার করে দায়ের করা মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার, পারস্পরিক হয়রানি বন্ধ এবং ভুক্তভোগীদের ক্ষতির প্রতিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। মামলার বাদি দেবশংকর বিশ্বাস বলেন, “আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। দীর্ঘদিনের হয়রানি ও মানসিক চাপের অবসান ঘটুক এটাই আমাদের প্রত্যাশা।” উল্লেখ্য, এর আগে চ্যানেল ২৪-এর অনুসন্ধানী অনুষ্ঠান “সার্চলাইট” ও চেকের ফাঁদ “ভূতুড়ে মামলা” শিরোনামে প্রচারিত প্রতিবেদনে এ ধরনের অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে অভিযুক্ত পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতেই যথাযথ জবাব প্রদান করা হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সত্য উদঘাটিত হবে।



