কুয়েটে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

ক্যাম্পাসে শোকের ছায়া
স্টাফ রিপোর্টার : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) স্থাপত্য বিভাগের এক ছাত্র রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খান জাহান আলী হলের পাশের একটি পুকুরে ডুবে মারা গেছেন।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ নিশ্চিত করেছেন, মৃত ছাত্রের নাম এস এম সায়েম ফেরদৌস (২৩), তিনি স্থাপত্য বিভাগের ২০২৪ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি পাবনা জেলার দিলালপুর পিকে সাহা রোড এলাকার মো. আবদুস সামাদের ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে খান জাহান আলী হলের পাশের পুকুরে সাঁতার কাটার সময় সায়েম ফেরদৌস নিখোঁজ হন। এই ঘটনার পর সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানি থেকে উদ্ধার করে। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরটি পাওয়ার পর কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে হাসপাতাল পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
উপাচার্য মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, এই মর্মান্তিক ঘটনাটি পুরো কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া ফেলেছে।



