স্থানীয় সংবাদ

শরীয়তপুরে ডাঃ নাসিরের ওপর সন্ত্রাসী হামলা ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি : শরীয়তপুরে হার্ট এটাকে একজন রোগীর দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসির এর উপর মব সন্ত্রাসীদের হামলা, হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসা সেবার পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময়ে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের মালিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সহ-সভাপতি ডা মো মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ডা গৌতম রায় , সহ-সভাপতি ডা এম আর খান, সহ-সভাপতি ডা মোল্লা হারুন অর রশিদ, সহ-সভাপতি ডা বঙ্গ কমল বসু, সমাজ কল্যাণ সম্পাদক শামীম আরা নীলা, ডা শাবাব ইহতিশাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মচারীরা। উপস্থিত বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলা, হাসপাতালে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার কারণে চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা আরও বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। কোনো ঘটনার সুষ্ঠু তদন্তের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন মাধ্যমে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং পরে হাসপাতালে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা সাম্প্রতিক বিভিন্ন হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন” প্রণয়নেরও জোর দাবি তোলেন তারা। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা কিংবা হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটলে চিকিৎসক সমাজ ও হাসপাতাল মালিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button