বাগেরহাটে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বাগেরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনা। সোমবার (১৮ মে ) বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর থানাধীন যুগীডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ কামরুজ্জামান শেখ (৪৮)। তিনি যুগীডাঙ্গা গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনার একটি দল বিকেল ৪টার দিকে কামরুজ্জামান শেখের নিজ বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বাড়ির মাঝখানের কক্ষ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কক্ষের উত্তর পাশের স্টিলের আলমারির নিচের ড্রয়ারে রাখা একটি লাল রঙের পার্স ব্যাগ থেকে ছয়টি নীল জিপারযুক্ত পলিপ্যাকেটে মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একই ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৯ গ্রাম ওজনের ২০টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির ৯ হাজার ৫০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ভিভো ভি-২৯ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনার উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে সে বিভিন্ন জায়াগায় মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



