খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি

স্টাফ রিপোর্টার : প্রতিপক্ষের গুলিতে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে। গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে। কারা গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, মব করে আমাদের জায়গাটি দখল করে প্রতিপক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এর প্রেক্ষিতে আমরা আমাদের আসন গ্রহন করি। তারা কোন কোর্ট মানে না। স্বপন এসে বলে আসো গোলাগুলি করি। ওরা এসে আমাকে লক্ষ করে গুলি করে। আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। শর্টগান দিয়ে গুলি করে। মানিকতলা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন, নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ, এরশাদসহ আরও লোক ছিল। যাদের নাম মামলার এজাহারে বলবো।



