হামের প্রার্দুভাব রোধের ব্যর্থতা তদন্তে কমিশন গঠন কেন নয়, হাইকোর্টের রুল

প্রবাহ রিপোর্ট : হামের প্রাদুর্ভাবের ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা অনুসন্ধানে একটি ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
তিনি জানান, চলমান চিলড্রেন ট্র্যাজেডির ওপর তদন্তের জন্য, কারা দায়ী, কেন রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হলো; তাই একটি ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না, এ মর্মে রুল দিয়েছেন।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন দায়ের করেন।
রিটে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে ৬ এপ্রিল এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়।
সেদিন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারা দেশে বিলুপ্তপ্রায় রোগ হাম আবারও মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয়খাত থেকে বেসরকারিখাতে দেওয়ার অভিযোগ তুলে তিনি তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
হামের প্রাদুর্ভাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল : দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ও এর আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতর ও অধিদফতরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।



