স্থানীয় সংবাদ

৫ মাসের মধ্যে খুলনাসহ ৫ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ঃ আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে। বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি আরও বলেন, দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারও এ খাতে নজর দেয়নি। আমরা ইনশাআল্লাহ বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে। হাসপাতালের নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেয়া হবে। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে। এসময় হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। জনবল সংকট নিরসনে ঈদের পর এক লাখ জনবল নিয়োগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেয়া হবে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকা-ের পর স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক হাসপাতাল পরিদর্শনে আসেন। এর আগে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি মুখে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এসময় সুপারিন্টেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button