খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে ব্যাপক রদবদল

# প্রশাসনিক কর্মকর্তা জাহাতাব সহ একাধিক কর্মকর্তা-কর্মচারীর বদলি #
স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরে প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে একাধিক কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে। বুধবার (২০ মে) পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বদলি হওয়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এছাড়া অনেকে এক যুগ থেকে দুই যুগেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন সময়ে বদলির আদেশ হলেও অজ্ঞাত কারণে তারা পুনরায় আগের কর্মস্থলে ফিরে আসতেন বলেও অভিযোগ রয়েছে।
প্রকাশিত আদেশ অনুযায়ী, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাতাব হোসেনকে প্রেষণে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্টেনো টাইপিস্ট মোঃ আবুল কালামকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে বদলি করা হয়েছে।
এছাড়া পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রধান সহকারী মোঃ শওকাত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাকোপে প্রধান সহকারী হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য এক আদেশে পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উচ্চমান সহকারী মাছুম বিল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়ার ক্যাশিয়ার শ. ম. আনোয়ার হোসেনকে পারস্পরিক বদলি করা হয়। এতে আনোয়ার হোসেনকে পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে উচ্চমান সহকারী এবং মাছুম বিল্লাহকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আরেক আদেশে পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রধান সহকারী মোঃ মাছুম বিল্লহকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। একই সঙ্গে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের প্রধান সহকারী এইচ এম শামীম আহসানকে পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগে পদায়ন করা হয়েছে।
এদিকে মোঃ জাকির হোসেনকে খুলনা সিভিল সার্জন অফিস থেকে বদলি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়ায় প্রধান সহকারী হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি শাহ মোঃ শাম্মী ফিরোজের স্থলাভিষিক্ত হবেন। অপরদিকে শাহ মোঃ শাম্মী ফিরোজকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা সিভিল সার্জন অফিসে প্রধান সহকারী হিসেবে বদলি করা হয়েছে।
পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে।” আদেশ জারির তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে চতুর্থ দিন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন একই দপ্তরে কর্মরত থাকার সুযোগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল।
এ ব্যাপারে খুলনা সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৮ মে ডা. শেখ মোঃ মোশাররফ হোসেনকে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়ন করা হয়। তিনি ১৯ মে দায়িত্ব গ্রহণের পরদিনই এ রদবদলের উদ্যোগ নেন। নতুন পরিচালকের এমন পদক্ষেপকে স্বাস্থ্য বিভাগে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



