খুলনার সর্ববৃহৎ কোরবানির পশুরহাটের উদ্বোধন

# হাসিল ধরা হয়েছে ৪% #
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে নগরীর জোড়াগেট বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাট বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করেন। প্রশাসক বেলুন উড়িয়ে, ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে এ হাটের উদ্বোধন করেন। এই হাট চলবে ঈদুল আজহার দিন ভোর পর্যন্ত। হাট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে হাট ব্যাপকভাবে সাজানো হয়েছে। রাতের হাট দিনের মত দেখাচ্ছে। কেসিসির হাট পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম দিদার বলেন, গত বছরের মত এবারও ৪% হারে হাসিল আদায় করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সপ্তাহ ব্যাপী এ হাটর চলবে ঈদের দিন সকাল ৬টা পর্যন্ত। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন কেসিসির সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব অফিসার সুলতানা বুশরা, ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শফিকুল ইসলাম দিদার, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মিউল ইসলাম, এষ্টেট অফিসার গাজী সালাহ উদ্দীন, খান হাবিবুর রহমান, কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।



