স্থানীয় সংবাদ

সুন্দরবনে বনদস্যুদের সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ!

# আস্তানা থেকে জিম্মি ২১ জেলে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার #

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনায় জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলিও জব্দ করা হয়। কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে বড় জাহাঙ্গীর ও দয়াল বাহিনী। এর মধ্যে জাহাঙ্গীর বাহিনী ১১ জন এবং দয়াল বাহিনী ১০ জন জেলেকে জিম্মি করে রাখে। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খালে জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বাহিনীটি। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে ১১ জেলেকে মুক্ত করা হয়। অন্যদিকে, সুন্দরবনের আন্ধারমানিকের টোটা ও কেওড়াতলা খালে দয়াল বাহিনীর আস্তানায় পৃথক অভিযান চালানো হয়। এসময় দস্যুরা পালিয়ে গেলে সেখান থেকে আরও ১০ জেলেকে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এছাড়া জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button