স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ মারপিটের শিকার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধু (৩৭) মারপিটের শিকার হয়েছেন। শনিবার সকালে উপজেলার কাপালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত ওই গৃহবধূ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
ডুমুরিয়া হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের কাপালিডাঙ্গা গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী শনিবার সকালে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যান। এর আগে একই এলাকার জয়দেব শীল তার লোকজন নিয়ে সেখানে অবস্থান করছিলেন এবং তাকে দেখে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকেন। তখন তিনি কারণ জানতে চাওয়া মাত্রই, জয়দেব শীলের সঙ্গে থাকা নিহার শীল, নির্মল শীল, বন্যা রানী ও মধুমিতা রানী দলবদ্ধভাবে ওই গৃহবধূর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে লাঠির আঘাতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। হামলার শিকার ওই গৃহবধূ হাসপাতালের বিছানায় শুয়ে বলেন, এলাকার জয়দেব শীল নামে ওই লোকটা অনেক দিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার ভয়ে আমি কোথাও বের হতে পারি না। যেখানে যাই, সে আমার পিছু নিয়ে বাজে বাজে কথা বলে। তার কথায় রাজি না হওয়ায় সে তার লোকজন নিয়ে আমাকে মেরেছে। আর এই হামলার নেপথ্যে রয়েছে এলাকার নিমাই বিশ্বাস নামের এক ক্ষমতাধর লোক। আমি তাদের বিচার চাই। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আছের আলী জানান, রক্তাক্ত অবস্থায় ওই মহিলা থানায় এসেছিল। তাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যেতে বলা হয়। এখন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button