লবণচরায় বসতবাড়িতে হামলা, চুরি ও ভাঙচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-১

স্টাফ রিপোর্টারিঃ নগরীর লবণচরা থানাধীন খোলাবাড়ীয়া হরিনটানা গেট বিশ্বরোড সংলগ্ন একটি বসতবাড়ি ও বাগানবাড়িতে হামলা, ফল চুরি এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ মে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার হয়েছে। বাকিরা রয়েছে অধরা। এজাহার সূত্রে জানা যায়, লবণচরা থানার হরিনটানা এলাকার বাসিন্দা নাহিদ ইত্তেসাফ আলী গত ১৯ মে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার পৈত্রিক সম্পত্তি হিসেবে খোলাবাড়ীয়া হরিনটানা গেট বিশ্বরোড সংলগ্ন হোল্ডিং নং-৯৬৪ এলাকায় বাগানবাড়ি ও বসতবাড়ি রয়েছে। সেখানে কেয়ারটেকার হিসেবে মোসা. রহিমা বেগম দায়িত্ব পালন করেন। অভিযোগে বলা হয়, গত ১৬ মে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে অভিযুক্ত মো. আজিজুল রহমান ওরফে আজিজ কসাই, মো. শাহজাহান শেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমিতে প্রবেশ করেন। এ সময় তারা ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে বাগানের বিভিন্ন গাছ থেকে আনুমানিক ১০ থেকে ১২ মন আম, কয়েক কাঁদি কলা ও নারিকেল নিয়ে যান। যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া ঘটনাস্থলে স্থাপিত ছয়টি সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরকৃত ক্যামেরাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এসময় কেয়ারটেকার রহিমা বেগম বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আর ও জানা যায়, প্রধান দু’ অভিযুক্ত নাহিদ ইত্তেসাফ আলীর পিতার হত্যা মামলার আসামি এবং বর্তমানে সেই মামলার বিষয়ে হাইকোর্টে ক্রিমিনাল ডিভিশনে মামলা চলমান রয়েছে। এছাড়া তারা দু’জনই লবণচরা এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে লবনচরা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মো. শাহজাহান শেখ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।



