স্থানীয় সংবাদ

যশোরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪ : আহত ১

যশোর ব্যুরো ঃ যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার ২৩ মে বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদরের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার ৫ বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)। আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সৌভিক সাহার কাকা মিঠুন সাহা পুলিশকে জানান,২৩ মে শনিবার সকালে বৃষ্টি সাহা তার ছেলে সৌভিককে নিয়ে স্কুল থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইক ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও অপর একটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যান্যদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক সাহার মৃত্যু হয়। দূর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে প্রতিবাদ হিসেবে কার্ভাডভ্যানে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দূর্ঘটনার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ গ্রহন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button